শেখ হাসিনার গাড়িতে হামলায় সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৮-২৭ ১৬:৩৭:১৯


সাতক্ষীরার কলারোয়া উপজেলায় সাবেক বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় সাজাপ্রাপ্ত জাভিদ রায়হান লাকী (৪৫) মারা গেছেন।

শনিবার (২৭ আগস্ট) ভোররাতে কারা হেফাজতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি কলারোয়া পৌর যুবদলের সাবেক আহ্বায়ক ছিলেন। সাতক্ষীরা জেলা কারাগারের জেলার মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলার মামুনুর রশিদ জানান, জাভিদ রায়হান লাকী প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় ৪ বছর ৩ মাসের সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে ছিলেন। দীর্ঘ দিন ধরে তিনি ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। তাকে ২৪ অক্টোবর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়। এর আগে তাকে দুই দফায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করা হয়।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আল আহমেদ আল মাসুদ জানান, জাভিদ রায়হান লাকী ডায়াবেটিস, ফুসফুসের ইনফেকশনসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এম জি