জনগণ যাকে চাইবে সে ক্ষমতায় যাবে: কাদের

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৮-২৮ ১৫:৩১:৩৩


বাংলাদেশে ক্ষমতার পরিবর্তন আর পেছনের দরজা দিয়ে হবে না। নির্বাচনের মাধ্যমে জনগণ যাকে চাইবে সে ক্ষমতায় যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতাদের উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার (২৮ আগস্ট) সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

কাদের বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগের ২১ হাজার নেতাকর্মীকে হত্যা করেছিল। তাদের হাতে এখনও সেই রক্তের দাগ দগদগ করছে। জনগণ আর বিএনপির দুঃশাসনের কাছে এদেশকে ফিরিয়ে দিতে চায় না। কোনোদিন ফিরিয়ে দেবেও না।

তিনি বলেন, দেশে বিদ্যুৎ ও জ্বালানিসহ চলমান অর্থনৈতিক সংকট শিগগির কেটে যাবে এবং সুদিন ফিরে আসবে। গুজবে কান দেবেন না। শেখ হাসিনার প্রতি আস্থা রাখুন।

আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপি ও তার দোসররা টাকার বিনিময়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়তারা করছে। বিএনপি জানে নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো যাবে না, সেজন্য তারা ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে।

এম জি