অল্প দিনেই চালের দাম সহনীয় মাত্রায় আসবে: খাদ্যমন্ত্রী
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৮-২৮ ১৮:৩৩:১০
‘আউশ ধান বাজারে উঠতে শুরু করায় চালের দাম কমতে শুরু করেছে। এছাড়া চালের বাজার নিয়ন্ত্রণে দরিদ্র মানুষের জন্য সরকার খাদ্যবান্ধব ও ওএমএস কর্মসূচি চালু করেছে। আউশ ধান পুরোদমে বাজারে উঠলে কিছু দিনের মধ্যেই চালের দাম সহনীয় মাত্রায় চলে আসবে।’
রোববার বেলা ১১টার দিকে নওগাঁর মহাদেবপুর উপজেলার উত্তরগ্রাম এলাকার একটি মাঠে আউশ ধানের ক্ষেত পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
সাধন চন্দ্র মজুমদার বলেন, এ বছর মৌসুমজুড়ে আবহাওয়া ভালো থাকায় অন্যান্য বছরের তুলনায় আউশের ফলন ভালো হয়েছে। এর ফলে গত বোরো মৌসুমে বৈরী আবহাওয়ার কারণে যে ক্ষতির শিকার হয়েছিলেন কৃষকরা তার অনেকটা পুষিয়ে নিতে পারবেন। ইতোমধ্যে বাজারে আউশ ধান উঠতে শুরু করেছে। বাজারে চালের দামও কমতে শুরু করেছে। এছাড়া বাজার নিয়ন্ত্রণে সরকার খাদ্যবান্ধব কর্মসূচি গ্রহণ করেছে। বর্তমানে চালের বাজার নিম্নমুখী। আউশ ধান পুরোদমে বাজারে উঠলে কিছু দিনের মধ্যেই দাম সহনীয় মাত্রায় চলে আসবে।
খাদ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার কৃষকবান্ধব সরকার। আউশ চাষের জন্য সরকার প্রান্তিক কৃষকদের ব্যাপক কৃষি প্রণোদনা দিয়েছে। কৃষকরা যে আশা নিয়ে আউশ চাষাবাদ করেছিলেন তাদের সেই আশা পূরণ হয়েছে। বাজারে এ ধানের দামও ভালো রয়েছে। কৃষকরা ভালো লাভবান হবেন।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













