১ সেপ্টেম্বর থেকে ওএমএস এর মাধ্যমে চাল বিক্রি: খাদ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৮-৩০ ১৬:০৯:৩৯
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ভোক্তাদের স্বস্তি দিতে ১ সেপ্টেম্বর থেকে সারাদেশে ওএমএস এর মাধ্যমে ২৩৬৩ টি কেন্দ্রে ২ টন ও প্রতিটি ট্রাক সেলে সাড়ে ৩ মেট্রিক টন করে চাল বিক্রি শুরু করা হবে।
মঙ্গলবার (৩০ আগস্ট) বেলা ১১টায় নওগাঁয় সার্কিট হাউসে সারাদেশে ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচি এবং টিসিবির কার্ড হোল্ডারদের মধ্যে চাল ও আটা বিতরণ উপলক্ষে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী। এসময় মন্ত্রী বলেন, সারাদেশে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৫০ লাখ পরিবারকে ১৫ টাকা কেজি দরে মাসে ৩০ কেজি করে চাল দেওয়া হবে। এবং এই কার্যক্রম ৩ মাস ধরে চলমান থাকবে।
মন্ত্রী বলেন, খাদ্য বান্ধবের ক্ষেত্রে ডিভাইস তৈরি করে আমরা স্মার্ট কার্ড তৈরি করা হবে। ইতিমধ্যে ৮০ ভাগ কাজ শেষ হয়েছে। পুরোপুরি কাজ শেষ হয়ে গেলে স্মার্ট কার্ড দেয়া হবে, এতে করে কেউ অবৈধভাবে ব্যবহার করতে পারবে না।
সাধন চন্দ্র মজুমদার বলেন, লাইনে দাঁড়িয়ে কেউ যেন একাধিকবার চাল নিতে না পারে এর জন্য টিসিবির কার্ডধারীকে অগ্রাধিকার দেয়া হবে। মাসে ৫ কেজি করে দুই বার করে দেওয়া হবে। এছাড়াও কার্ডধারী ছাড়া যারা চাল দিতে যাবে তাদেরকে ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়ে যেতে হবে। সেটার উপর তারিখ ও সিল দেয়া থাকবে। যাতে কেউ বার বার চাউল নিয়ে বাজারে বিক্রি করতে না পারে।
এসময় উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, খাদ্যমন্ত্রীর একান্ত (উপসচিব) সচিব মো.শহিদুজ্জামান, নওগাঁ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা চাল কল মালিক গ্রুপের সভাপতি রফিকুল ইসলাম, জেলা খাদ্য নিয়ন্ত্রক আলমগীর কবিরসহ খাদ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














