‘খালেদা জিয়ার প্রতি সর্বোচ্চ মানবতা দেখিয়েছেন শেখ হাসিনা’
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৮-৩০ ২১:৪৪:৩৩
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, খালেদা জিয়ার প্রতি সর্বোচ্চ মানবতা দেখানো হয়েছে। শেখ হাসিনা বারবার মানবতা দেখিয়েছেন বলে আজ এখনো তিনি বাসায় বসে চিকিৎসা নিচ্ছেন। কিন্তু গ্যাটকো ও নাইকো মামলায় রায় হলে তো বাকি জীবন জেলেই কাটাতে হবে। এসব মামলায় অজস্র প্রমাণ আছে। এসব মামলার রায় হলে কীভাবে তিনি বাইরে থাকবেন ভেবে পাই না।
মঙ্গলবার (৩০ আগস্ট) বিকেলে রাজধানীর তথ্য ভবন মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী উপলক্ষে ঢাকাস্থ বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরাম আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহবুব-উল আলম হানিফ বলেন, বিএনপি নেতারা কথায় কথায় মানবতার কথা বলেন। এখন তারা গুমের কথা বলছেন। ডিজিএফআইয়ের কাছে নাকি মানুষ আছে? কোথায় ডিজিএফআইয়ের কাছে আছে? এমন অনেকে আছে তাদের নামে মামলা আছে, তারা দেশের বাইরে চলে গেছে। ছয় মাস, এক বছর পর ফিরে আসছে। দেশের বাইরে গেলে বলা হয় গুম হয়েছে।
বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, আপনারা তো গুমের কথা বলেন। আপনারা ক্ষমতায় থাকতে আওয়ামী লীগের ২৬ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। তখন কোথায় ছিল মানবতা? আপনারা কোন মুখে মানবতার কথা বলেন। মানবতা আমরা দেখিয়েছি, শেখ হাসিনা দেখিয়েছেন। মানবতা দেখিয়েছেন বলেই এখনো রাজপথে, টকশোতে কথা বলার সুযোগ পাচ্ছেন।
আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। সভাপতিত্ব করেন ঢাকাস্থ বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরাম সভাপতি প্রকৌশলী মো. আনোয়ার হোসেন। এতে স্বাগত বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মকবুল হেসেন।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














