হিলিতে কেজিতে ৬-৮ টাকা কমেছে পেঁয়াজের দাম

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৮-৩১ ১৭:১৬:৫৫


দিনাজপুরের হিলি বন্দরের পাইকারি বাজারে কেজিতে ৬ থেকে ৮ টাকা কমে ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৬ থেকে ১৮ টাকা দরে। ভারত থেকে আমদানি বাড়ায় ও বেচাবিক্রি কম হওয়ায় চার দিনের ব্যবধানে পেঁয়াজের দাম কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

বুধবার (৩১ আগস্ট) দুপুরে হিলি বন্দর বাজার ঘুরে জানা যায়, প্রকারভেদে ২৪ টাকার ভারতীয় পেঁয়াজ পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ১৬ ঘেকে ১৮ টাকা কেজি দরে। হঠাৎ পেঁয়াজের দাম কমে যাওয়ায় খুশি ক্রেতা-বিক্রেতারা।

সাদ্দাম নামের এক পেঁয়াজ ক্রেতা বলেন, কয়েকদিন আগেই ২৪ টাকা কেজি দরে পেঁয়াজ নিয়েছিলাম। আজ (বুধবার) ১৮ টাকা দরে পেঁয়াজ কিনলাম। পেঁয়াজের পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় সবজি ও চালের দাম কমলে খুবি ভালো হতো।

হিলি বাজারের পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী শাহাবুল ইসলাম বলেন, পেঁয়াজের আমদানি বেড়েছে, আবার বেচাবিক্রি বর্তমানে অনেক কম তাই নিত্যপ্রয়োজনীয় এ খাদ্য পণ্যটির দাম কমে গেছে। আমরা ১৬ টাকা আর ১৮ টাকা কেজি দরে বস্তা বিক্রি করছি।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ বলেন, দেশের বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে ভারত থেকে পেঁয়াজ আমদানি চলমান রয়েছে। বর্তমান চাহিদা তুলোনায় আমদানি বাড়ায় পেঁয়াজের দাম অনেক কমে গেছে।

এম জি