বাংলাদেশকে ৩০০ কোটি ডলার দেবে দক্ষিণ কোরিয়া

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৮-৩১ ২১:৫২:৪৫


দক্ষিণ কোরিয়া আগামী পাঁচ বছরে বাংলাদেশকে ৩০০ কোটি ডলার সহায়তা দেবে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত লি-জ্যাং কিউন। তিনি জানান, বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে গতবছর রেকর্ড পরিমাণ বাণিজ্য হয়েছে। বুধবার (৩১ আগস্ট) ডিপ্লোমেটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ আয়োজিত ডিক্যাব টকে তিনি এ কথা জানান।

বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত বলেন, গত বছর দুদেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য হয়েছে ২৩০ কোটি ডলার। এর আগে রেকর্ড বাণিজ্য হয়েছিল ২০১১ সালে এবং ওই বছর বাণিজ্য হয়েছিল ১৮০ কোটি ডলার। কভিড ও বৈশ্বিক পরিস্থিতির মধ্যেও এ বছর জুলাই পর্যন্ত দুই দেশের মধ্যে বাণিজ্য হয়েছে ১৮০ কোটি ডলার এবং এটি অত্যন্ত উৎসাহব্যঞ্জক।

তিনি বলেন, দক্ষিণ কোরিয়ায় এ বছর বাংলাদেশ থেকে ৪ হাজারেরও বেশি কর্মী যাবে। আরো বাংলাদেশী কর্মী পাঠাতে আগ্রহী।গত বছর সেপ্টেম্বর থেকে আবার পাঠানো শুরু করেছি। চলতি বছর জানুয়ারি-আগস্ট পর্যন্ত বাংলাদেশ থেকে ৩ হাজারেরও বেশি কর্মী গিয়েছেন।

লি-জ্যাং কিউন বলেন, কোরিয়াতে এখন ১০ হাজার বাংলাদেশী কর্মী আছেন। কোরিয়ায় বাংলাদেশী জনশক্তি কম হলেও বাংলাদেশে রেমিট্যান্স প্রেরণে কোরিয়া ১০ নম্বর অবস্থানে। রাষ্ট্রদূত বলেন, দক্ষিণ কোরিয়ার সহযোগিতায় ঢাকায় একটি টেকনিক্যাল ইনস্টিটিউট আছে। এখন আমরা সিলেট ও খুলনায় আরো দুটি খোলার চিন্তা করছি।

এএ