যুবদলকর্মী শাওন নিহতের ঘটনায় মামলা

জেলা প্রতিনিধি আপডেট: ২০২২-০৯-০২ ১৭:১৭:৩৬


নারায়ণগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে শাওন প্রধান নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় থানায় হত্যা মামলা করেছে নিহতের পরিবার। মামলায় কারও নাম উল্লেখ করা হয়নি। তবে আসামি করা হয়েছে পাঁচ হাজার জনকে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাতে নিহত শাওনের বড় ভাই বাদি হয়ে সদর থানায় মামলাটি করেন।

মামলায় এজাহারে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিএনপি ও অঙ্গসংগঠনের আনুমানিক পাঁচ হাজার নেতাকর্মী ইটপাটকেল, লোহার রড, হকিস্টিকসহ অস্ত্রসস্ত্র নিয়ে দফায় দফায় মিছিল করে পুলিশের ওপর ইটপাটকেল ও ককটেল বিস্ফোরণ ঘটাতে থাকে।

সকাল পৌনে ১১টার দিকে ২ নম্বর রেলগেট এলাকা দিয়ে শাওন প্রধান যাওয়ার সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পুলিশের ওপর আক্রমণ করতে থাকেন। এ সময় অবৈধ অস্ত্রের গুলি ও ইটের আঘাতে শাওন মাথা ও বুকে গুরুতর আঘাত পেয়ে রাস্তায় পড়ে যান।

তাৎক্ষণিকভাবে রাস্তার লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাওনকে মৃত ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

এম জি