খালে ফেলে শিশুকে হত্যা, আটক সৎ মা
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৯-০২ ১৯:৪৬:০৪
গোপালগঞ্জে তিন বছর বয়সী মেয়েকে খালে ফেলে হত্যা করেছে সৎ মা। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার গজালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় সৎ মা সোনিয়া বেগমকে (২৫) টুঙ্গিপাড়া পুলিশ আটক করেছে। সোনিয়া গজালিয়া গ্রামের রহমত মোল্লার দ্বিতীয় পক্ষের স্ত্রী। তার নিখোঁজ শিশু মারিয়া (৩) রহমত মোল্লার প্রথম পক্ষের স্ত্রীর কন্যা।
পুলিশ জানায়, সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার গজালিয়া গ্রামের কাঠুয়ার খালের উপর নির্মিত লক-গেট থেকে ধাক্কা দিয়ে মারিয়া নামের ওই শিশুটিকে নিচে ফেলে দেন সোনিয়া। নদী থেকে আসা জোয়ারের টানে মুহূর্তেই শিশুটি তলিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ অভিযুক্ত ওই নারীকে এলাকাবাসীর সামনে জিজ্ঞাসাবাদ করলে প্রাথমিকভাবে তিনি এ ঘটনায় তার অপরাধ স্বীকার করেন।
শিশু মারিয়ার বাবা রহমত মোল্লা জানান, দুই শিশু সন্তান রেখে প্রথম স্ত্রী মারা যাওয়ার পর সোনিয়াকে বিয়ে করেন তিনি। রহমত বলেন, আমি ওকে বলেছিলাম, তুমি আমার বাচ্চা দুটিকে দেখে রাখবা। আর আমি তোমাকে দেখে রাখবো। কিন্তু বিয়ের পর এখন পর্যন্ত সোনিয়া আমার বাচ্চা দুটিকে কোনোদিন খেতে পর্যন্ত দেয়নি। বাচ্চারা তাদের দাদীর সাথে খেতো। সোনিয়া রাত দশটায় ভাত রান্না করতো, যেন বাচ্চারা খেতে আসতে না পারে।
বিকেল সোয়া ৩ টার দিকে ডুবুরিদের চেষ্টায় শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













