ধরেবেঁধে কাউকে নির্বাচনে আনা হবে না: সিইসি

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৯-০৫ ১৬:৪৩:১৩


প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ধরেবেঁধে কাউকে আগামী নির্বাচনে আনা হবে না।

সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল। তারা ভোটে এলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে। বিএনপির রাজনৈতিক কৌশল থাকতে পারে। তাতে আমরা হস্তক্ষেপ করব না, করতে পারি না। আমাদের সেই এখতিয়ারও নেই। বিএনপি যা চাচ্ছে সে ব্যাপারে আমাদের কোনো বাধা নেই। আমাদের ওপর অর্পিত দায়িত্ব আমরা পালন করে যাব। কালকে আমাকে যদি কেউ উচ্ছেদ করে দেয়, হবে; অসুবিধার কিছু নেই। সে জন্য আমি মর্মাহত হব না।

সিইসি বলেন, ইভিএমে ভোট কারচুপি সম্ভব নয়। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছি, এ ধরনের শঙ্কা সঠিক নয়।

কাজী হাবিবুল আউয়াল বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আমরা কথা বলেছি। তাদের অনেকেই ইভিএমের বিরোধিতা করেছে। আবার কোনো কোনো দল ইভিএমের পক্ষে বলেছে।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমরা নিবিড়ভাবে পরীক্ষা-নিরীক্ষা করে সিদ্ধান্ত নিয়েছি— ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) অনূর্ধ্ব ১৫০টি আসনে ভোট হবে। ১৫০টি আসনে ইভিএমে ভোট নেওয়া সম্ভব হবে কিনা সেটিও ভাববার বিষয়। কারণ মেশিনগুলো আসবে বিদেশ থেকে। আমরা আমাদের সিদ্ধান্তের বিষয়টি সরকারকে জানিয়ে দিয়েছি।

এম জি