প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৯-০৫ ১৯:১৮:৩৯


প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর সাক্ষাৎ করেছেন। প্রধানমন্ত্রীর নয়াদিল্লি সফলকালে সোমবার (৫ সেপ্টেম্বর) তার আবাসস্থলে এ সাক্ষাৎ করেন জয়শঙ্কর।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের সফরে সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টা নাগাদ ভারতের নয়াদিল্লি পৌঁছান। দিল্লি বিমানবন্দরে এ সময় তাকে স্বাগত জানান ভারতের রেল ও বস্ত্র প্রতিমন্ত্রী দর্শনা জারদোশ।

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট সোমবার সকাল ১০টা ১৭ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে আলোচনা করবেন শেখ হাসিনা। দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের মধ্যে পাঁচ থেকে সাতটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে। এসব চুক্তি ও সমঝোতা স্মারক পানি ব্যবস্থাপনা, বিজ্ঞান ও প্রযুক্তি, রেলওয়ে, প্রতিরক্ষা, আইন, তথ্য ও সম্প্রচার প্রভৃতি ক্ষেত্রে সহযোগিতা সম্পর্কিত।

এসবের বাইরেও ঝুলে থাকা ইস্যুগুলো নিষ্পত্তির একটি দিকনির্দেশনা মিলবে বলে আশা করা হচ্ছে। এর আগে সর্বশেষ ২০১৯ সালের অক্টোবরে ভারত সফর করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এএ