ফরেন রেমিট্যান্স আহরণে রূপালী ব্যাংকের সাফল্য
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৯-০৮ ১৭:৩৬:০৯
রূপালী ব্যাংক লিমিটেড যশোর জোনের আওতাধীন যশোর, ঝিনাইদহ, মাগুরা ও নড়াইল জেলার মোট আঠারোটি শাখা ফরেন রেমিট্যান্স আহরণের ক্ষেত্রে আগস্ট মাসে ব্যাপক সফলতা পেয়েছে। বছরের প্রথম ছয় মাসে আশানুরূপ সাফল্য না আসায় যশোর জোনাল অফিসের নির্দেশনায় শাখা সমূহ তাদের স্ব স্ব এলাকার গ্রামে গ্রামে প্রবাসীদের পরিবারকে একত্রিত করে উঠোন বৈঠকের আয়োজন করে। এই উঠোন বৈঠকে ব্যাংক কর্মকর্তাগণ এলাকার স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে হুন্ডির মাধ্যমে দেশে টাকা প্রেরণের নানাবিধ ক্ষতিকর দিকগুলো সুন্দরভাবে উপস্থাপন করে ব্যাংকের মাধ্যমে তাঁদের প্রবাসী আত্বীয়-স্বজনের কষ্টার্জিত ফরেন রেমিট্যান্স দেশে এনে পরিবার ও দেশের আর্থসামাজিক উন্নয়নের কথা তুলে ধরেন। বৈধভাবে ব্যাংকের মাধ্যমে ফরেন রেমিট্যান্স দেশে এনে সরকার ঘোষিত ২.৫% প্রণোদনা গ্রহণের কথা তাঁরা প্রচার করেন।
রূপালী ব্যাংক লিমিটেড যশোর জোনের জোনাল ম্যানেজার উপ-মহাব্যবস্থাপক রোকনুজ্জামান প্রবাসী ভাই-বোন যাঁরা বৈধভাবে দেশে কষ্টার্জিত অর্থ প্রেরণ করেন তাঁদেরকে মুক্তিযোদ্ধার সাথে তুলনা করে সম্মৃদ্ধ বাংলাদেশ বিনির্মানের সাহসী সৈনিক বলে আখ্যায়িত করেন। বর্তমান বৈশ্বিক সংকটাপন্ন অবস্থায় হুন্ডি পরিহার করে ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে ফরেন রেমিট্যান্স প্রেরণকে উদ্বুদ্ধ করতে তিনি শুধু রূপালী ব্যাংক লিমিটেড নয়, বরং দেশের যেকোন সরকারি বা বেসরকারি ব্যাংকের মাধ্যমে সেবা গ্রহণের আহ্বান জানান।

রূপালী ব্যাংক লিমিটেড খুলনা বিভাগের বিভাগীয় প্রধান হেমন্ত কুমার দাশ রেমিট্যান্স আহরণের ক্ষেত্রে রূপালী ব্যাংক লিমিটেড যশোর জোনের উঠোন বৈঠক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। হেমন্ত কুমার দাশ রেমিট্যান্সকে দেশের অর্থনীতির রক্ত প্রবাহের সাথে তুলনা করে বৈধ পথে দেশে কষ্টার্জিত রেমিট্যান্স প্রেরণের আহ্বান জানান। তিনি হুন্ডিকে পরিহার করার জন্য সকলকে আহ্বান জানান।
রূপালী ব্যাংক লিমিটেড যশোর জোনের এই কার্যক্রম আমাদেরকে দারুণভাবে আশান্বিত করেছে।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রূপালী ব্যাংক লিমিটেড জোনাল অফিস যশোরের নির্দেশনা এবং এসএমআর রোড শাখা, যশোরের আয়োজনে যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়ন পরিষদ চত্বরে রেমিট্যান্স সংক্রান্ত উঠোন বৈঠক আয়োজন করা হয়। কাশিমপুর ইউনিয়নের ছয়টি গ্রামের ৪৫০ জন প্রবাসীর পরিবারের সমন্বয়ে আয়োজিত এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কাশিমপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শরিফুল ইসলাম এবং সচেতনতা মূলক এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রূপালী ব্যাংক লিমিটেড খুলনা বিভাগীয় প্রধান হেমন্ত কুমার দাশ। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন রূপালী ব্যাংক লিমিটেড এসএমআর রোড শাখার ম্যানেজার মোঃ সহিদুল ইসলাম।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














