‘বিএনপি জ্বালাও-পোড়াও করলে দমন করবে সরকার’

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৯-০৮ ১৮:৩৮:০৮


বিএনপির নেতাকর্মীরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি বলেন, আন্দোলন দমনের নামে বিএনপির কোনো নেতাকর্মীকে গ্রেপ্তার করা হচ্ছে না। তবে কেউ জ্বালাও-পোড়াও এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে সরকার তাদের কঠোরভাবে দমন করবে।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ধামরাইয়ের সাব-রেজিস্ট্রার অফিসের ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, যারা প্রকৃত অপরাধী, যাদের নামে আগেই মামলা ছিল, তাদের গ্রেপ্তার করে সরকার আইনের আওতায় আনার চেষ্টা করছে। বিএনপি শান্তিপূর্ণভাবে আন্দোলন করলে সরকার বাধা দেবে না। তবে কেউ জ্বালাও-পোড়াও করলে তাদের কঠোর হাতে দমন করা হবে। বর্তমানে মিথ্যা মামলায় কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না।

সাব-রেজিস্ট্রার অফিসের দুর্নীতির প্রতি ইঙ্গিত দিয়ে তিনি বলেন, প্রতিটি সাব-রেজিস্ট্রার অফিসেই একটি করে অভিযোগ বক্স বসানো হবে। সেবা নিতে আসা লোকজন যেকোনো বিষয়ে অভিযোগ করতে পারবেন। অভিযোগের বিষয়ে কর্মকর্তারাই তদারকি করবেন।

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সংসদ সদস্য বেনজীর আহমেদ, নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শহিদুল আলম ঝিনুকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এম জি