প্রভিডেন্ট ফান্ডে মুনাফার সর্বোচ্চ হার ১৩ শতাংশ
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৯-০৮ ২১:৫১:৪৪
চলতি অর্থবছরের জন্য সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড বা সাধারণ ভবিষ্য তহবিলে (জিপিএফ) সর্বোচ্চ ১৩ শতাংশ এবং সর্বনিম্ন ১১ শতাংশ মুনাফা দেবে সরকার। সব স্বায়ত্তশাসিত সংস্থা, করপোরেশনের আর্থিক অবস্থা একরকম না হওয়ায় জিপিএফকে বিবেচনায় নিয়ে তারা প্রদেয় ভবিষ্যৎ তহবিলের (সিপিএফ) মুনাফার হার নিজেদের মতো করে নির্ধারণ করতে পারবে।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) অর্থ বিভাগ চলতি অর্থবছরের জন্য এসংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। তবে গত অর্থবছরেও জিপিএফ এবং সিপিএফের ক্ষেত্রে একই মুনাফা বা সুদহার ছিল।
অর্থ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, চলতি অর্থবছরের শুরুতে স্থিতির পরিমাণ ১৫ লাখ টাকা পর্যন্ত হলে মুনাফার হার হবে ১৩ শতাংশ। স্থিতির পরিমাণ ১৫ লাখের বেশি থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত হলে মুনাফার হার হবে ১২ শতাংশ। আর ৩০ লাখের বেশি টাকার ফান্ড হলে মুনাফা হবে ১১ শতাংশ।
সিপিএফের ক্ষেত্রে প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বিভিন্ন করপোরেশনের প্রদেয় ভবিষ্যৎ তহবিল বা সিপিএফভুক্ত প্রতিষ্ঠানগুলোর আর্থিক সংগতি একই রকম না হওয়ায় এসব প্রতিষ্ঠান বা সংস্থা তাদের নিজস্ব আর্থিক সামর্থ্য ও বিধিবিধান অনুযায়ী মুনাফা নির্ধারণ করতে পারবে। এ ক্ষেত্রে জিপিএফের স্তরভিত্তিক মুনাফার হারকে সর্বোচ্চ বিবেচনা করতে হবে।
যেসব কর্মচারী রাজস্ব খাত থেকে বেতন পান, তারা টাকা রাখেন জিপিএফে। আর যারা রাজস্ব খাতের বাইরে থেকে বেতন পান, তারা টাকা রাখেন সিপিএফে। সরকারি চাকরিজীবীরা মূল বেতনের সর্বনিম্ন ৫ শতাংশ এবং সর্বোচ্চ ২৫ শতাংশ অর্থ প্রভিডেন্ট ফান্ডে রাখতে পারেন। আর সিপিএফভুক্ত প্রতিষ্ঠানের কর্মীরা তাদের মূল বেতনের সর্বোচ্চ ১০ শতাংশ জমা রাখতে পারেন। জিপিএফ এবং সিপিএফে জমা রাখা অংশের সাথে প্রতিষ্ঠানের নির্ধারিত অংশ পেয়ে থাকেন। জিপিএফ ও সিপিএফে মূল বেতনের ৮ দশমিক ৩৩ শতাংশ দিয়ে থাকে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো। কর্মীরা মোট জমা অর্থের ওপর চক্রবৃদ্ধি হারে সুদ পান।
জিপিএফে টাকা রাখলে ভালো একটি অঙ্ক নিয়ে ঘরে ফিরতে পারেন সরকারি চাকরিজীবীরা। সিপিএফে যে পরিমাণ টাকা রাখেন কর্মচারীরা, সরকার ওই পরিমাণ টাকাই তাদের অনুদান দেয়। কিন্তু অতিরিক্ত জমার ওপর কোনো মুনাফা দেয় না।
জানা গেছে, ২৫ বছর চাকরি করলে একজন জিপিএফধারী কর্মচারী ৮০ মাসের মূল বেতনের সমান টাকা পাবেন। কিন্তু একই সময়ে একজন সিপিএফধারী কর্মচারী পাবেন ৫০ মাসের মূল বেতনের সমান টাকা।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














