আকবর আলি খান আর নেই

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৯-০৯ ০০:২০:১৪


অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার রাত ১০টার পর রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয়েছে।

বিষয়টি বিষয়টি নিশ্চিত করে এভারকেয়ার হাসপাতালের জেনারেল ম্যানেজার আরিফ মাহমুদ জানান, রাত ১০টার দিকে আমাদের এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আমরা শঙ্কা করছি হাসপাতালে আসার পথেই তিনি মারা গিয়েছেন। আমাদের এখানে শুধু তার মৃতদেহটাই এসেছে। আমরা তাকে জীবিত পাইনি।

এদিকে, আকবর আলি খানের ছোট ভাই কবীর উদ্দিন খান গণমাধ্যমকে জানান, হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে।

১৯৪৪ সালে জন্ম নেওয়া আকবর আলি খান ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন ইতিহাস, কানাডার কুইন্স ইউনিভার্সিটিতে অর্থনীতি। পিএইচডি গবেষণাও অর্থনীতিতে। আমলা হিসেবে পেশাজীবনের প্রধান ধারার পাশাপাশি চলেছে শিক্ষকতাও। অবসর নিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে।

এরপর দুটো বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হয়েছিলেন, দায়িত্ব পালনে প্রতিবন্ধকতার মুখে পদত্যাগ করেন।

অবসরের পর তার আবির্ভাব ঘটেছে পূর্ণকালীন লেখক হিসেবে। অর্থনীতি, ইতিহাস, সমাজবিদ্যা, সাহিত্য—বিচিত্র বিষয়ে তাঁর গবেষণামূলক বই পাঠকের কাছে ব্যাপকভাবে সমাদৃত হয়।

এম জি