আ.লীগের মনোনয়ন বোর্ডের যৌথসভা শনিবার

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৯-০৯ ১৫:০২:২০


গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন ও দেশের ৬১টি জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চূড়ান্ত করতে বৈঠকে বসছে আওয়ামী লীগ।

শনিবার (১০ সেপ্টেম্বর) বিকাল চারটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা অনুষ্ঠিত হবে। মনোনয়ন বোর্ডের চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সভায় সভাপতিত্ব করবেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সকলকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।

আওয়ামী লীগ দলীয় সূত্রে জানা গেছে, গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে প্রায়াত ফজলে রাব্বি মিয়ার মেয়ে ফারজানা রাব্বি বুবলি, ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপনসহ ১০ জন দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

এছাড়া জেলা পরিষদের চেয়ারম্যান পদে ৬১টি জেলায় ৫ শতাধিক মনোনয়ন প্রত্যাশী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর মধ্যে জেলা পরিষদ নির্বাচন নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হয়। ফলে এ নির্বাচনে আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়নের বিষয় নেই। তবে দলীয়ভাবে কোনও প্রার্থীকে সমর্থন দেওয়ার সুযোগ রয়েছে।

এএ