বেনাপোল দিয়ে ভারতে ৬১৮ টন ইলিশ রপ্তানি
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৯-২০ ১০:৪০:০৪
হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল বন্দর দিয়ে গত ১১ দিনে ভারতে রপ্তানি হয়েছে ৬১৮ টন ইলিশ। বাকি ১০ দিনে ২ হাজার ৩৩২ টন ইলিশ রপ্তানির লক্ষ্য রয়েছে। তবে পর্যাপ্ত ইলিশ না পাওয়া এবং বাজারে মূল্যবৃদ্ধির কারণে রপ্তানির লক্ষ্য পূরণ হওয়া নিয়ে সংশয় রয়েছে।
এদিকে নতুন করে দুই দফায় আরও ১০টি প্রতিষ্ঠানকে ৫০ টন করে ৫০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। এ নিয়ে ভারতে রপ্তানি হবে মোট ২ হাজার ৯৫০ টন ইলিশ। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত শর্ত সাপেক্ষে রপ্তানির এই আদেশ কার্যকর থাকবে। সোমবার বিকেলে ১৪ টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে।
এ বিষয়ে বেনাপোল স্থলবন্দর ফিশারিজ ইন্সপেক্টর আসওয়াদুল জানান, ইলিশ রপ্তানিতে ২০২১-২০২৪ এর নীতিমালা অনুযায়ী দুই দফায় প্রতিটি প্রতিষ্ঠানকে ৫০ টন করে ৫৯টি প্রতিষ্ঠানকে মোট ২ হাজার ৯৫০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। গত ৫ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ইলিশ রপ্তানি হয়েছে ৫১৬ টন। রবি ও সোমবার (১৮ ও ১৯ সেপ্টেম্বর) এই দুই দিনে রপ্তানি হয়েছে ১০২ টন ইলিশ। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত শর্ত সাপেক্ষে রপ্তানির এই আদেশ কার্যকর থাকবে। বেশির ভাগ ইলিশ বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে রপ্তানি হবে বলে রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো জানিয়েছে।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














