ট্রাকের বেপরোয়া গতি কেড়ে নিলো দুইজনের প্রাণ
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৯-২৪ ১০:১৩:২৬
দিনাজপুরে বেপরোয়া একটি ট্রাকের চাপায় প্রাণ হারিয়েছেন দুজন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। শনিবার (২৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন- গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার খানপুর খানপাড়ার বাসিন্দা মোহাম্মদ আলী (৬৫) ও তার শ্যালক একই উপজেলার রাজিবপুর গ্রামের আজিজুল হকের ছেলে আজগর হোসেন (৩৫)। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আজগরের ভাই মকবুল আলী (৪০)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভোরে সুন্দরগঞ্জ থানা থেকে একটি ইজিবাইকে (থ্রি-হুইলার) সাতজন দিনাজপুর শহরের খোয়ারের মোড়ে আত্মীয়র বাসায় বেড়াতে যাচ্ছিলেন। পথে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে সামনে ইজিবাইকের চার্জ কমে যাওয়া ধীরে চলছিল। এ সময় দুলাভাই মোহাম্মদ আলী ও তার দুই শ্যালক ইজিবাইক থেকে নেমে যান। বাকিরা ইজিবাইকে চলে যান।
রাস্তার পাশ দিয়ে হাঁটার সময় দিনাজপুরমুখী বেপরোয়া গতির একটি মালবাহী ট্রাক ওই তিনজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত একজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে দিন আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়েছে। ট্রাকটির ধাক্কায় হাসপাতালের বাউন্ডারির বাইরে রাস্তার পাশে সারিবদ্ধভাবে দাঁড়ানো কয়েকটি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে।
সানবিডি/এমআর






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













