পেঁয়াজের কেজি ১৬ টাকা

জেলা প্রতিনিধি আপডেট: ২০২২-০৯-২৪ ১৫:১২:০১


দুই সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজের দাম কমেছে। কেজিপ্রতি ১০-১২ টাকা  কমে তা বিক্রি হচ্ছে ১৬-১৮ টাকায়। একটু ভালো মানের পেঁয়াজ কেজিপ্রতি ৪ টাকা কমে বিক্রি হচ্ছে ২০ টাকা দরে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) দিনাজপুরের হিলি বাজারের বিভিন্ন দোকানে এই দাম দেখা যায়।

অন্যদিকে দেশি পেঁয়াজ কেজিপ্রতি ৩৪-৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। ভারত থেকে আমদানি বেশি হওয়ার কারণে কমেছে দাম বলছেন ব্যবসায়ীরা।

শাহ আলম নামের এক ক্রেতা বলেন, কেজিতে পেঁয়াজের দাম ১০-১২ টাকা কমায় স্বস্তি পাচ্ছি। এটি আমাদের সাধারণ ক্রেতাদের জন্য ভালো একটি খবর। তবে চাল, ডাল, তেল, মসলা বাজারে কোনোভাবেই দাম নিয়ন্ত্রণে আনতে পারছে না সরকার। এ বিষয়টি নিয়ে জরুরিভাবে পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ জানান সাধারণ ভোক্তারা।

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা শাহাবুল ইসলাম বলেন, আমদানি বেশি হওয়ার কারণে হিলি বাজারে কমেছে পেঁয়াজের দাম। তবে বন্দরের থেকে হিলি বাজারের পেঁয়াজের দাম কম। অতিরিক্ত গরমের কারণে অনেক পেঁয়াজ নষ্ট হচ্ছে। আমরা লোকসানের মধ্যে পড়ে যাচ্ছি। কারণ পেঁয়াজ বেশি দিন সংরক্ষণ করে রাখা যায় না। ফলে অনেক পেঁয়াজ নষ্ট হচ্ছে। বর্তমানে ১৬-২০ টাকার মধ্যেই প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে।

হিলি কাস্টমসের তথ্যমতে গত বৃহস্পতিবার ভারতীয় ৩২ ট্রাকে ৯১২ টন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।

এম জি