দুই বান্ধবীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪
জেলা প্রতিনিধি আপডেট: ২০২২-০৯-২৫ ১৮:২৭:১৩
পাবনার ঈশ্বরদী উপজেলায় দুই গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার মুলাডুলি শেখপাড়া এলাকায় কৃষি ফার্মের রাস্তার পাশে আখখেতে এ ঘটনা ঘটে।
রোববার (২৫ সেপ্টেম্বর) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- নাটোরের বড়াইগ্রাম থানার গোপালপুরের মৃত আমজাদ হোসেনের ছেলে আব্দুর রশীদ (৩৫), লক্ষ্মীকোলা গ্রামের নায়েব আলী সরদারের ছেলে মহিদুল সরদার (৩৫), বড়াইগ্রাম থানার রাজাপুরের চাঁন মিঞার ছেলে জাবেদ (৩৫) ও ঈশ্বরদীর লক্ষ্মীকোলা গ্রামের বাকী বিল্লাহর ছেলে আল আমিন (২৫)।
জানা গেছে, অভিযুক্ত আল আমিনের সঙ্গে গার্মেন্টসে চাকরি করা এক তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর জেরে ঈশ্বরদীতে দেখা করার জন্য আসতে বলেন তিনি। পরে ওই তরুণী তার বান্ধবীকে নিয়ে শনিবার বিকেলে ঈশ্বরদীর দাশুড়িয়া যান। এ সময় আল আমিন বিভিন্ন কায়দা কৌশল খাটিয়ে বন্ধু-বান্ধবদের সহযোগিতায় ঘুরিয়ে-ফিরিয়ে রাত ৮টার পর তাদের নির্জন এলাকার আখখেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে।
এদিকে ভুক্তভোগীদের চিৎকারে স্থানীয়রা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি পুলিশে জানান। পরে পুলিশ একই দিন রাত সাড়ে ১০টার দিকে ভুক্তভোগীদের থানা হেফাজতে নিয়ে আসে।
এ বিষয়ে ঈশ্বরদী থানার ওসি অরবিন্দ সরকার জানান, শনিবার রাতে ভুক্তভোগীদের বক্তব্য শুনে কুষ্টিয়া ও বড়াইগ্রাম এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। বাকিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে। ভুক্তভোগীদের মেডিকেল পরীক্ষার জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তবে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













