বড়ভাইকে হত্যায় ছোটভাইয়ের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৯-২৭ ১৪:৫৫:০২


লক্ষ্মীপুরে পারিবারিক কলহের জের ধরে বড়ভাই আবদুল হান্নানকে কুপিয়ে হত্যার অপরাধে ছোটভাই আবদুল মান্নানের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসাথে ১০ হাজার টাকা ও অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত মান্নান সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের চরপার্বতীনগর গ্রামের বাসিন্দা। রায়ের সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্র জানায়, ২০১৯ সালের ১৯ ফেব্রুয়ারি রাতে পারিবারিক কলহের জের ধরে হান্নান তার ছোটভাই মান্নানকে গালমন্দ করে। এতে মান্নান ক্ষিপ্ত হয়ে ঝগড়ায় লিপ্ত হন। একপর্যায়ে মান্নান একটি ধারালো দা দিয়ে তার ঘাড়ে কোপ দেয়। এতে ঘটনাস্থলেই হান্নান মারা যান। খবর পেয়ে তার বাবা আবুল কালাম বাড়িতে এসে মান্নানকে আটকে রাখেন। পরদিন বাবার দায়ের করা মামলায় পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।

একই বছরের ১৫ মার্চ তদন্তকারী কর্মকর্তা ও সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রানা দাস আদালতে মান্নানের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত অভিযুক্ত মান্নানকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

এম জি