বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৯-২৮ ১৯:০০:৩৫


গাজীপুরের কালীগঞ্জে বাড়ির উঠানে রাখা একটি বালতির পানিতে পড়ে তৃষা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নাগরী ইউনিয়নের বিরতুল গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া তৃষা উপজেলার নাগরী ইউনিয়নের বিরতুল গ্রামের ইলিয়াস হোসেনের মেয়ে।

তৃষার চাচা ইসমাইল হোসেন বলেন, উঠানে ছোট আকৃতির একটি বালতিতে পানি ছিল। দুপুরের দিকে তৃষা হামাগুড়ি দিয়ে খেলতে খেলতে সবার অগোচরে বালতির কাছে যায়। এক পর্যায়ে সে বালতির ভেতর পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে দ্রুত কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তৃষাকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই মো. সাইফুল ইসলাম জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

এম জি