‘মানুষ ভাবে ইভিএমে এক মার্কার ভোট অন্যটায় চলে যায়’
জেলা প্রতিনিধি আপডেট: ২০২২-০৯-২৯ ২০:২৩:৩২
নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা বলেছেন, ইভিএম নিয়ে মানুষের মধ্যে সংশয় আছে। তারা ভাবে ইভিএমে একটি মার্কায় ভোট দিলে, অন্যটিতে চলে যায়।
তিনি বলেন, আমরা কমিশনে আসার পর ৬ মাস ধরে ইভিএম নিয়ে কাজ করেছি। টেকনিক্যাল পারসনরাও ইভিএমে ভোট নিয়ে ত্রুটি ধরিয়ে দিতে পারেনি। আমরা রাজনৈতিক দলগুলোকে তাদের টেকনিক্যাল পারসনদের দিয়ে ইভিএমের ত্রুটি ধরিয়ে দিতে বলেছিলাম, তারাও সেটি পারেনি।
বৃহস্পতিবার বিকালে রংপুর সার্কিট হাউজে জেলা পরিষদ নির্বাচন সংক্রান্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিতে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ইভিএমে ত্রুটি থাকলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে তিনি বলেন, আমাদের দপ্তরে এসে এখনও কেউ ইভিএমের ত্রুটি ধরিয়ে দিতে পারেন। ত্রুটি থাকলে আমরা ব্যবস্থা গ্রহণ করবো। ইভিএম নিয়ে লোকমুখে নানা কথা ছড়ালেও এখন পর্যন্ত কেউ ত্রুটি প্রমাণ করতে পারেনি। বরং ইভিএমের মাধ্যমে নির্বাচন হলে পেশি শক্তির ব্যবহার রোধ করা যায়, জালভোট, দু’বার ভোট প্রদান, সময়ের আগে ভোট প্রদান বন্ধ করা সম্ভব হয়।
এসময় উপস্থিত ছিলেন রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন, জেলা নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন ও উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম প্রমুখ।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













