মাইক্রোবাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৯-৩০ ১০:০২:২৬


মাগুরার শালিখায় মাইক্রোবাসের ধাক্কায় মো. জিসান (২০) ও সাজিদ (২০) নামে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ সময় আরেক আরোহী গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে মাগুরা-যশোর মহাসড়কের ছয়ঘরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তিন যুবক যশোরে এক বিয়ের অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে মাগুরায় ফিরছিলেন। ছয়ঘরিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জিসান ও সাজিদ নিহত হন। আহত রাজুকে মাগুরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

শালিখা থানার ওসি বিশারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল এবং মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। মাইক্রোবাস চালককে আটকের চেষ্টা চলছে।

এম জি