বিএনপি-জামাতের সময় হিন্দুরা পূজা করতে পারেনি: মন্ত্রী
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৯-৩০ ১৬:১৪:১৫
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সম্প্রীতির দেশ হিসেবে গড়ে তুলেছেন। এমন কোন মন্দির নেই যেখানে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন পৌঁছায়নি। বিএনপি-জামাত জোট সরকারের সময়ে এদেশের হিন্দুরা পূজা পালন করতে পারেননি। এমন কি হিন্দু সম্প্রদায়ের মানুষের জীবনের ও নারীদের সম্ভ্রমের কোন নিরাপত্তা ছিল না। কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে এদেশের হিন্দুদের সেই পূজা পালনে শতভাগ নিরাপত্তা দিয়েছে।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) নজিরপুর উপজেলার পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় মন্ত্রী উপজেলার ১৩৪টি মন্দিরে পৃথকভাবে সরকারি ও নিজ তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করেন।
মন্ত্রী বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বার্তা দিয়েছেন আওয়ামী লীগের প্রতিটি কর্মীকে শক্তিশালী প্রহরী হিসেবে প্রতিটি মন্দিরে পাহারা দিতে হবে, যাতে কেউ মন্দিরের কোন ক্ষতি করতে না পারে।
নাজিরপুর সরকারি বঙ্গমাতা মহিলা কলেজ মাঠে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চঞ্চল কান্তি বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তুহিন হালদার তিমিরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, উপজেলা চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আল মামুন প্রমুখ।
এর আগে ওই দিন সকালে মন্ত্রী উপজেলার বিভিন্ন অসহায়দের মাঝে ৩৮টি গরু প্রদান ও জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













