ক্রেতা সংকটে হিলিতে গুদামেই পচে নষ্ট হচ্ছে পেঁয়াজ

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১০-০৮ ০৯:৩২:৪৪


দিনাজপুরে হিলি স্থলবন্দরে শারদীয় দুর্গা পূজার ছুটিতে বাড়তি পেঁয়াজ আমদানি করলেও ক্রেতা সংকটের কারণে বিপাকে পড়েছেন বন্দরের আমদানিকারকরা। চাহিদা না থাকায় এবং বাইরে থেকে পাইকার না আসায় গুদামেই পচে নষ্ট হচ্ছে পেঁয়াজ। ভালো মানের কিছু ৮-১০ টাকা দরে বিক্রি করলেও অনেক পেঁয়াজ ফেলে দিতে হচ্ছে। এতে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন আমদানিকারকরা।

এ বিষয়ে হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক হারুন উর রশীদ বলেন, শারদীয় দুর্গা পূজা উপলক্ষে গত ৩০ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে টানা আটদিন আমদানি-রফতানি বন্ধ থাকবে। যে কারণে বন্দর দিয়ে এ সময় কোনো পেঁয়াজ আমদানি হবে না। তাই দেশের বাজারে যে চাহিদা তৈরি হবে তার কথা চিন্তা করে ও পেঁয়াজ সরবরাহ স্বাভাবিক রাখতে বন্ধের আগে বন্দর দিয়ে বাড়তি পেঁয়াজ আমদানি করেন আমদানিকারকরা। কিন্তু দেশীয় পেঁয়াজের দাম কম থাকায় ও বন্ধের আগেই অধিকাংশ মোকামে পেঁয়াজ ক্রয় করার ফলে নতুন করে মোকামগুলোয় চাহিদা তেমন নেই।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, শারদীয় দুর্গা পূজা উপলক্ষে ভারতীয় ব্যবসায়ীরা গত ৩০ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত বন্ধ ঘোষণা করে। এতে ওই সময় থেকে বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ। তবে দুর্গা পূজা উপলক্ষে সরকারি ছুটির দিন ব্যতীত বন্দরের ভেতরের কার্যক্রম চালু রয়েছে।

এনজে