ইঁদুর মারার ফাঁদে জড়িয়ে কৃষকের মৃত্যু
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-১০-০৯ ১৩:২০:০১
নাটোরের লালপুরে জমিতে পোকা দমনের বিষ প্রয়োগ করতে যাওয়ার সময় পাশের জমিতে পাতা ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে দীপক কুমার সরকার (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার রাতে উপজেলার টিটিয়া গ্রামে এই ঘটনা ঘটে। মৃত দীপক কুমার ওই এলাকার মৃত নরেন সরকারের ছেলে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে লালপুর থানায় একটি মামলা করা হয়েছে।
মৃতের পরিবারের লোকজন জানায়, শনিবার বিকেলে দীপক সরকার পোকা দমনের জন্য বিষ প্রয়োগ করতে জমিতে যান। জমিতে যাওয়ার সময় তার পাশের আহাদ আলীর ছেলে আকরাম হোসেনের জমিতে চিকন তার দিয়ে তৈরি ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। পুলিশ ও এলাকাবাসীর ধারণা- ফাঁদের তারগুলি পাতা দিয়ে ঢেকে রাখার কারণে দীপক তা দেখতে পাননি।
এদিকে দীপককে রাতেও বাড়িতে ফিরতে না দেখে পরিবারের সদস্য তার খোঁজ করতে শুরু করেন। রাতেই জমিতে গিয়ে পাশের জমিতে পাতা ইঁদুর মারার বৈদ্যুতিক তারে জড়িয়ে থাকা তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে লালপুর থানার পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে দীপকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোনোয়ারুজ্জামান জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে পাশের জমির মালিক আহাদ আলী ও তার ছেলে আকরাম হোসেনের বিরুদ্ধে শনিবার রাতেই একটি মামলা দায়ের করেছে। লাশ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













