নৌ পুলিশের উপর হামলা, ৫০ জেলের বিরুদ্ধে মামলা
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-১০-১১ ১২:২৬:৪১
চাঁদপুরের পদ্মা-মেঘনায় মা ইলিশ রক্ষা অভিযানে পুলিশ সোমবার সন্ধ্যায় সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের সফরমালি এলাকায় যায়। জেলেরা পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের দিকে ইটের চাক্কি ছুড়তে শুরু করে।
পুলিশ সদস্যরা জানান, নিষেধাজ্ঞা না মেনে মাছ ধরার প্রস্তুতি নেয়া জেলেরা এই হামলা চালিয়েছে। এতে নৌ পুলিশের এক সদস্য গুরুতর আহত হয়।
চাঁদপুর নৌ থানার ওসি মো. কামরুজ্জামান এসব নিশ্চিত করেছেন।
তিনি জানান, পদ্মা-মেঘনায় ইলিশ সংরক্ষণ অভিযানে সফরমালি এলাকায় যায় পুলিশ বাহিনীর সদস্যরা। তাদের উপস্থিতি টের পেয়ে জেলেরা জালের ইটের চাক্কি ছুড়তে শুরু করে। এতে আহত হন নৌ পুলিশ নায়েক হাসান মিয়া। তাকে চাঁদপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে পাঠানো হয় ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ৫০ জেলেকে আসামি করে মামলা করেছে পুলিশ।
জেলা নৌ পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান জানান, এই হামলায় আরও কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
মা ইলিশ রক্ষায় ৭ অক্টোবর থেকে পদ্মা-মেঘনায় ২২দিন মাছ ধরায় নিষেধাজ্ঞা। এসময় ইলিশ ধরা, পরিবহন, মজুত ও বিক্রি সরকার নিষিদ্ধ করেছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













