‘শেয়ারে বিনিয়োগের চেয়ে বন্ডে বিনিয়োগ বে‌শি ঝুঁকিমুক্ত’

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-১০-১১ ১৭:২৪:৩৪


সরকারি বন্ড লেনদেন চালু হওয়াকে নতুন মাইলফলক হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, মানুষকে বুঝাতে হবে শেয়ারে বিনিয়োগের চেয়ে বন্ডে বিনিয়োগ বে‌শি ঝুঁকিমুক্ত। এসব বন্ডে বিনিয়োগ করলে আসল টাকা খোয়া যাওয়ার কোনো ভয় নেই। সরকারি বন্ড লেনদেন চালু হয়েছে এটা আমাদের জন্য একটি নতুন মাইলফলক।

তিনি বলেন, আমাদের বন্ড মার্কেট বিষয়ে একদিকে প্রচারের অভাব রয়েছে অন্যদিকে এ মার্কেটটার বিষ‌য়ে অনেক বিজ্ঞ লোকও বুঝেন না। এই দুইটা বিষয়ে এখন জোর দিতে হবে।

মঙ্গলবার (১১ অক্টোবর) এফবিসিসিআইয়ের প্রধান কার্যালয়ে ‌‘বন্ড মার্কেট : দ্য আল্টিমেট লং টার্ম সল্যুশন’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সালমান এফ রহমান বলেন, আমাদের কিছু সমস্যা আছে যেটা নিয়ন্ত্রণের বাইরে। আরও কিছু সমস্যা রয়েছে যেগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারি, যেমন- আমাদের বন্দ‌রে সমস্যা আছে, ট্যাক্স ভ্যা‌টের সমস্যা আছে, অ‌ব্কোঠা‌মোগত সমস্যা, রেগুলেটরি সংক্রান্ত সমস্যা সৃষ্টি হ‌চ্ছে; এগুলো আমরা ইচ্ছা করলেই সমাধান করতে পারি। এ বিষয়ে আমাদের নজর দেওয়া দরকার।

অনুষ্ঠানে উপস্থিত ছি‌লেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত- উল-ইসলাম, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সভাপতি জসিম উদ্দিন প্রমুখ।

উল্লেখ্য, গতকাল সোমবার (১০ অক্টোবর) দেশের পুঁজিবাজারে প্রথমবারের মতো ২৫০টি সরকারি সিকিউরিটিজ বা ট্রেজারি বন্ডের লেনদেন শুরু হয়েছে। যার বাজার মূলধন ৩ লাখ ১৬ হাজার ৮০৮ কোটি টাকা।

এম জি