এআই ভুল মানুষের হাতে পড়লে ভয়াবহ বিপদ: রাজা চার্লস

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৬-০৯-১৭ ২০:১৮:৪২


কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভুল মানুষের হাতে পড়লে মানবজাতির জন্য ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে বলে সতর্ক করেছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। বড় ধরনের ক্ষতি হওয়ার আগেই শক্তিশালী এআইয়ের জন্য কার্যকর নিরাপত্তাব্যবস্থা তৈরির আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বন) স্কটল্যান্ডের ডামফ্রিস হাউসে শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান ও সরকারি কর্মকর্তাদের নিয়ে এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এ সতর্কতা দেন।

বৈঠকে এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং, গুগল ডিপমাইন্ডের প্রধান নির্বাহী ডেমিস হাসাবিস, ওপেনএআইয়ের প্রধান আর্থিক কর্মকর্তা সারাহ ফ্রিয়ার এবং যুক্তরাজ্যের এআইবিষয়ক মন্ত্রী কানিষ্ক নারায়ণসহ প্রযুক্তি খাতের শীর্ষ ব্যক্তিরা অংশ নেন।

রাজা চার্লস বলেন, এআই এমনভাবে ব্যবহার করা দরকার যাতে তা মানুষ, সমাজ ও প্রকৃতির কল্যাণে কাজ করে। প্রযুক্তিটি ভুলভাবে ব্যবহৃত হলে তা ‘বিপর্যয়কর’ কাজে লাগানো সম্ভব বলেও সতর্ক করেন তিনি।

শক্তিশালী ও স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে সক্ষম এআই নিয়ে প্রযুক্তি খাতের ভেতরেই উদ্বেগ বাড়ার মধ্যে তার এ মন্তব্য এল। সাম্প্রতিক সময়ে ওপেনএআই, অ্যানথ্রপিক ও অন্যান্য প্রতিষ্ঠানের বর্তমান ও সাবেক গবেষকেরাও উন্নত এআই নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার সম্ভাব্য ঝুঁকি নিয়ে সতর্ক করেছেন।

তবে এসব ঝুঁকির মাত্রা ও কী ধরনের নিয়ন্ত্রণ প্রয়োজন-তা নিয়ে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে মতভেদ রয়েছে।

বিএইচ