চট্টগ্রামে জাহাজডুবি: ২ জনের লাশ উদ্ধার, নিখোঁজ ৪

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-১০-১৪ ১৩:০৩:১৯


চট্টগ্রামের পতেঙ্গায় জাহাজ ডুবির ঘটনায় নিখোঁজ ছয়জনের মধ্যে দুই জনের লাশ উদ্ধার করেছে কোস্ট গার্ড।

শুক্রবার (১৪ অক্টোবর) সকালের দিকে চট্টগ্রামস্থ কোস্ট গার্ড পূর্বজোনের একটি টিম নাম না জানা ওই দুই ব্যক্তির লাশ উদ্ধার করে।

এর আগে পতেঙ্গার কাটগড় চরপাড়ায় দুটি লাইটার জাহাজের সংঘর্ষে ‘এমভি সুলতান সানজার’ নামের জাহাজটি ডুবে যায়।

কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা কাজী আল আমীন জানান, গতকাল এমভি সুলতান সানজার নামের একটি পাথর বোঝাই জাহাজ বন্দরের বহিঃনোঙ্গরে আসার সময় এমভি আকিজ লজিস্টিক -২৩ নামের অপর একটি লাইটার জাহাজকে ধাক্কা দেয়। এতে এম ভি সানজার নামক জাহাজটি ঘটনাস্থলেই ডুবে যায়। এই সময় জাহাজে মোট ৯ জন ক্রু ছিলেন। পরে তিনজনকে লাইফ বোর্ট দিয়ে উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, ঘটনার পর থেকে নিখোঁজ ছিলেন ছয়জন। তাদের মধ্যে শুক্রবার সকালে দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। বর্তমানে চার ক্রু নিখোঁজ রয়েছেন।

এম জি