ঘোড়াশাল কেন্দ্রের পঞ্চম ইউনিটে ফের বিদ্যুৎ উৎপাদন শুরু

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-১০-২০ ১১:৫৯:৪৭


জাতীয় গ্রিড বিপর্যয়ের ফলে বন্ধ হয়ে যাওয়া ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ২১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন পঞ্চম ইউনিটে ৮ দিন পর বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী জহিরুল ইসলাম।

এর আগে ৪ অক্টোবর জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিলে ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৪ ও ৫ নম্বর ইউনিট বন্ধ হয়ে যায়। পরে এক ঘণ্টার মধ্যে ৩৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৪ নম্বর ইউনিটটি চালু করা গেলেও ৫ নম্বর ইউনিটটির সেফটি বাল্ব ফেটে যাওয়ায় চালু করা সম্ভব হয়নি।

২১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন পঞ্চম ইউনিট চালু করা যায় গত ১০ অক্টোবর সন্ধ্যা ৭টায়। এর দুই দিন পর ১২ অক্টোবর ফের উৎপাদন বন্ধ হয়ে যায়।

উল্লেখ্য, ১৯৬৭ সালে শীতলক্ষ্যা নদীর তীরে প্রতিষ্ঠিত ঘোড়াশাল তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে প্রতিদিন গড়ে ১৩১০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়।