খুলনায় বাস, লঞ্চের পর এবার বন্ধ খেয়াঘাট
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-১০-২২ ১০:২৭:৪১
যাত্রী প্রতি ১ টাকা ভাড়া বৃদ্ধির দাবিতে খুলনার রূপসা নদীতে পারাপার বন্ধের ঘোষণা দিয়েছে পূর্ব ও পশ্চিম রূপসা ইঞ্জিনচালিত নৌকা মাঝি সংঘ।
শনিবার (২২ অক্টোবর) সকাল থেকে ২৪ ঘণ্টা ঘাট পারাপার বন্ধ থাকবে বলে জানিয়েছে সংগঠনটি। কিন্তু শুক্রবার রাত ৯টা হতেই যাত্রী পারাপার বন্ধ করে দিয়েছে সংগঠনটি।
তবে রাজনৈতিক চাপে যাত্রী পারাপার বন্ধ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে দুর্ভোগে পড়েছে ঘাট পারাপারের সাধারণ মানুষ।
সংগঠনটির সাধারণ সম্পাদক মো. শাহাদাৎ ব্যাপারী গণমাধ্যমকে বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে ঘাট পারাপারে যাত্রী প্রতি ১ টাকা ভাড়া বৃদ্ধির দাবিতে আমরা খুলনা সিটি করপোরেশনের মেয়র, খুলনা জেলা প্রশাসক, রূপসা উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করি। কিন্তু, এতে কোনো ফল না পেয়ে আমাদের ইউনিয়নের কার্যনির্বাহী কমিটি ও সাধারণ সভায় সর্বসম্মত সিদ্ধান্ত ও রেজুলেশন মোতাবেক এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
এদিকে খুলনায় দুই দিনের পরিবহন ধর্মঘট চলছে। খুলনা জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও খুলনা মোটর শ্রমিক ইউনিয়ন যৌথভাবে এই ধর্মঘট ডেকেছে। ইতোমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে লঞ্চ চলাচলও। বেতন বৃদ্ধিসহ ১০ দফা দাবিতে এ ধর্মঘট ডেকেছে নৌ-যান শ্রমিকরা।
বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন ধর্মঘটের সত্যতা নিশ্চিত করে জানান, ১০ দফা দাবিতে তারা যাত্রীবাহী লঞ্চে ৪৮ ঘণ্টার ধর্মঘট শুরু করেছেন। দাবি মেনে নেওয়া হলে যেকোনো মুহূর্তে ধর্মঘট প্রত্যাহার করা হবে। এর সঙ্গে বিএনপির সমাবেশের কোনো সম্পর্ক নেই।
এদিকে বাস ধর্মঘটের কারণে খুলনায় কোনো যানবাহন প্রবেশ করতে পারছে না। খুলনা থেকে কোনো যানবাহন ছেড়ে যাচ্ছে না। ফলে খুলনার সঙ্গে ১৮টি রুটের বাস চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে। এতে দূর-দূরান্তের যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।
বিএনপি দাবি করেছে, শনিবার (২২ অক্টোবর) খুলনার সোনালী ব্যাংক চত্বরে তাদের বিভাগীয় গণসমাবেশ রয়েছে। ওই গণসমাবেশ বানচাল করতে এবং বিপুল মানুষের উপস্থিতি ঠেকাতে এ ধর্মঘট ডাকা হয়েছে।
এসব অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন বাস মালিক সমিতির সহসভাপতি কাজী এনায়েত হোসেন। তিনি বলেন, সরকারের নির্দেশে বাস বন্ধ করার অভিযোগ সঠিক নয়। মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে এই ধর্মঘট করছেন। এ ছাড়া সমাবেশকে ঘিরে বাস ভঙচুর হতে পারে বলেও আশঙ্কা ছিল।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













