বাংলাদেশ এখন গরিব-ভিক্ষুকের দেশ নয় : পরিবেশমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১০-২৮ ১৯:৩৫:১৫


পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় এসে জামাত-বিএনপির সৃষ্ট বাংলাভাই ও শায়েখ আব্দুর রহমানসহ জঙ্গী নির্মূল করেছে। বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে দেশে আবারো জঙ্গিবাদের উত্থান হবে। তাই এখন থেকে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে,দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় শেখ হাসিনার বিকল্প নাই। ‘

সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় শুক্রবার (২৮ অক্টোবর) জুড়ী উপজেলার পশ্চিম শিলুয়া-ভরাডহর প্রাইমারি স্কুল রাস্তায় জুড়ী নদীর ওপর কয়লারঘাট সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে তার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের ফলে শহর থেকে গ্রাম পর্যন্ত উন্নয়নে একাকার হয়ে গেছে। শহর ও গ্রামের মধ্যকার পার্থক্য দূর হয়ে গেছে। প্রধানমন্ত্রী প্রমাণ করেছেন, এ দেশ এখন আর গরিব ও ভিক্ষুকের দেশ নয়। ‘

জুড়ী উপজেলা প্রশাসন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, মৌলভীবাজার এলজিইডির নির্বাহী প্রকৌশলী আজীম উদ্দিন সরদার, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিত শর্মা, থানার ওসি মোহাম্মদ মোশাররাফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাসুক মিয়া প্রমুখ।

পরে মন্ত্রী জুড়ী উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে সবজি বীজ বিতরণ করেন।

এএ