দেশে আরো ১ হাজার আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে : ত্রাণ প্রতিমন্ত্রী

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-১০-২৮ ২১:২৭:৩৪


দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, আমরা প্রতিটি দুর্যোগের পর দেখতে পাই আশ্রয়কেন্দ্র প্রয়োজনের তুলনায় কম। যার ফলে অনেক স্থাপনাকে আশ্রয়কেন্দ্রের আওতায় আনতে হয়।

শুক্রবার (২৮ অক্টোবর) দুপুরে ভোলার মনপুরা উপজেলা ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমানে দেশে ৪২৩টি আশ্রয়কেন্দ্র ও সাড়ে ৫০০ মুজিব কিল্লা নির্মাণ কাজ চলমান আছে।

ইতিমধ্যে ২২০টি নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে। আরো এক হাজার আশ্রয়কেন্দ্র করার জন্য সরকার প্রকল্প গ্রহণ করেছে। ঘূর্ণিঝড়ে ঘরবাড়ি হারানো পরিবারগুলোর পুনর্বাসনের জন্য টিন ও গৃহ নির্মাণের জন্য প্রকল্প নেওয়া হয়েছে।’

এর আগে আজ বেলা সাড়ে ১১টার দিকে তিনি হেলিকপ্টারযোগে ভোলার মনপুরা উপজেলায় আসেন। পরে তিনি হাজিরহাট ইউনিয়নের চরজ্ঞান বেড়িবাঁধ এলাকার ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্তদের খোঁজখরব নেন। এরপর মনপুরা উপজেলা পরিষদ চত্ত্বরে ক্ষতিগ্রস্ত এক হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমারের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভোলা- ৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ ইসলাম জ্যাকব। এ ছাড়া অনুষ্ঠানে ত্রাণ মন্ত্রণালয়রে সচিব মো. কামরুল হাসানসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

পরে প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান হেলিকপ্টারযোগে চরফ্যাশন উপজেলার সাগর মোহনার চর কুকরিমুকরি ইউনিয়নের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে সেখানে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

এএ