কিশোরগঞ্জে পুলিশ-বিএনপির সংঘর্ষ, আহত ৩০
জেলা প্রতিনিধি আপডেট: ২০২২-১১-০৭ ১৫:২৫:৫৯
কিশোরগঞ্জ শহরের স্টেশন রোড এলাকায় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ৩০ জন আহত হয়েছেন।
সোমবার (৭ নভেম্বর) দুপুরে ওই এলাকার দলীয় অফিসের সামনে এ ঘটনা ঘটে। এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু নাসের সুমনকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, সোমবার দুপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস উপলক্ষে কিশোরগঞ্জ জেলা বিএনপি শহরের স্টেশন রোডে দলীয় অফিসের সামনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। পরে বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে পুলিশ ও বিএনপির নেতা-কর্মীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ৩০ জন আহত হয়েছেন।
এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, সোমবার দুপুরে বিএনপির নেতা-কর্মীরা রাস্তা আটকে মিছিল করছিল। এ সময় তাদের রাস্তা ছাড়তে বলায় মিছিল থেকে পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ শুরু করেন। এতে তিনিসহ পুলিশের ৩০ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগান দিয়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি চালায়।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













