নিজ বাসা থেকে শিক্ষিকার রক্তাক্ত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি আপডেট: ২০২২-১১-০৭ ১৬:১১:৪৭


নিজ বাসা থেকে কুষ্টিয়া জেলা স্কুলের সহকারী শিক্ষক (ইংরেজি) রোকসানা খানম (৫২) এর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।

সোমবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় নিজ শয়ন কক্ষ থেকে এই শিক্ষিকার মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া মডেল থানা পুলিশ।

নিহত রোকসানা খানম (৫২) কুষ্টিয়া শহরের হাউজিং স্টেটে ডি ব্লকের ২৮৫ নং বাসার দ্বিতীয় তলায় একা থাকতেন। স্বামী মোস্তাফিজুর রহমান যশোর চৌগাছা উপজেলা এলজিইডি অফিসের হিসাবরক্ষক হিসাবে কর্মরত থাকায় তিনি যশোর থাকতেন।

নিহতের স্বামী জানান, ১৯৯৭ সালে তাদের বিয়ে হয়। তবে তাদের কোন সন্তান নেই। তারপরেও পারিবারিক কোন কলোহ কিংবা মনোমালিন্য ছিল না। চাকরির কারণে রোকসানা কুষ্টিয়ায় থাকতো ও আমি যশোর থাকতাম। রোববার তার সঙ্গে আমার কথা হয় যে, সকালে সে বিদ্যালয়ের কাজে যশোর শিক্ষা বোর্ডে যাবে।

তিনি আরও জানান, আমি সোমবার সকাল ৯টার দিকে ফোন দিলে সে ফোন রিসিভ করেনি। পরে ভাতিজা নওরোজ কবির নিশাত আমাকে ফোন দিয়ে বলে ফুপুর রুম ভেতর থেকে আটকানো এবং ডাকলে কোন সাড়া দিচ্ছে না। তারপর তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে দেখে রোকসানা বিছানার ওপরে রক্তাক্ত অবস্থায় মৃত পড়ে আছে।

কুষ্টিয়া মডেল থানার (ওসি) দেলোয়ার হোসেন জানান, সোমবার সকালে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। কি কারণে এ হত্যাকাণ্ড সেটা এখনো জানা যায়নি।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, ধারালো কোন অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে খুন করা হয়েছে। এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের জন্য পুলিশ কাজ করছে। মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।