ডিসেম্বরের প্রথম দুই সপ্তাহ ডিএমপিতে সাধারণ ছুটি বাতিল
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১১-২৯ ২১:০৯:৩৪
বিএনপির সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর নিরাপত্তা জোরদার করতে ডিসেম্বরের প্রথম দুই সপ্তাহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সব বিভাগের সদস্যদের ছুটি বাতিল করা হয়েছে। এ বিষয়ে ডিএমপি কমিশনার মৌখিকভাবে সব বিভাগের কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন। ১৭ ডিসেম্বর থেকে পুলিশ সদস্যরা ফের নিয়মিত ছুটি কাটাতে পারবেন।
আগামী ১০ ডিসেম্বর রাজধানীতে বিএনপির সমাবেশ হওয়ার কথা রয়েছে।
ডিএমপির সদর দপ্তরের একটি সূত্র জানিয়েছে, আগামী ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে এখন পর্যন্ত কোনো হুমকি নেই। তবে সমাবেশে ঢাকার বাইরে থেকে অসংখ্য মানুষ আসবে, তখন অপরাধীরা সুযোগ নিতে পারে। এ সময় সড়ক, বাড়ি, মার্কেট, ব্যাংক ও বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার করা হবে। এ জন্য ডিএমপির নিজস্ব ফোর্স, সব বিভাগের সদস্যদের কর্মস্থলে থাকতে বলা হয়েছে। পাশাপাশি পুলিশ সদর দপ্তরের মাধ্যমে বাইরে থেকেও ফোর্স আনা হবে।
এ ছাড়া আগামী ৬ ডিসেম্বর ছাত্রলীগের সম্মেলন। এই সম্মেলন ঘিরেও বাড়তি নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তাই ডিএমিপর ফোর্সের সংখ্যা যাতে না কমে সেজন্য নির্দেশনা দেওয়া হয়েছে। সূত্রটি জানিয়েছে, ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক এরই মধ্যে সব বিভাগের প্রধানদের মৌখিকভাবে পুলিশ সদস্যদের ছুটি না দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। তবে মৃত্যু সংবাদ ও অসুস্থতাসহ পারিবারিক সংকট এই আদেশের আওতার বাইরে থাকবে।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














