আদালতে যুবদল সভাপতি টুকু

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১২-০৯ ১৩:৩১:১৬


রাজধানীর পল্টন থানার মামলায় রিমান্ড শেষে যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ সাত নেতাকর্মীকে আদালতে আনা হয়েছে। আজ শুক্রবার দুপুর ১টার দিকে তাদের আদালতের হাজতখানায় রাখা হয়েছে।

এদিন তাদের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারি কর্মকর্তা পল্টন থানার উপপরিদর্শক বিজন কুমার। এ বিষয়ে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসীমের আদালতে শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে গত ৪ ডিসেম্বর আদালত তাদের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এ মামলার অপর আসামিরা হলেন- মোকলেস মিয়া, মোশাররফ হোসেন খোকন, জজ মিয়া, ফরিদ উদ্দিন মনা, আব্দুল্লাহ ও নয়ন।

মামলায় এজাহারে বলা হয়েছে, আসামিরা বেআইনি মিছিল বের করে দাঙ্গা-হাঙ্গামা, কাঠের মশাল, বাঁশের লাঠিসোঁটা নিয়ে রাস্তায় বের হয়। তারা সরকার বিরোধী বিভিন্ন উসকানিমূলক বক্তব্য ও অবমাননাকর স্লোগান দেন। এ সময় ভাঙচুর ও পুলিশের ওপর আক্রমণ করে মিছিলকারীরা। এতে এক পুলিশ কনস্টেবল ও আনসার সদস্য আহত হয়।

এম জি