জঙ্গি সম্পৃক্ততায় জামায়াত আমির গ্রেফতার: সিটিটিসি
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-১২-১৩ ১৪:৩৬:০৪
জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে সিটিটিসি। যাত্রাবাড়ী থানায় দায়ের করা জঙ্গি-সংশ্লিষ্ট একটি মামলায় (সন্ত্রাসবিরোধী আইনে দায়ের মামলা) তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানোর প্রস্তুতিও চলছে।
এর আগে গত নভেম্বরে তার ছেলে ডা. রাফাতকে জঙ্গি সম্পৃক্ততায় গ্রেফতার করেছিল সিটিটিসি। তখন তাকেও গ্রেফতার দেখানো হয় যাত্রাবাড়ী থানার ওই মামলায়।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে সিটিটিসি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান এ তথ্য জানান।
তিনি বলেন, জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে ডা. শফিককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অন্য কোনো মামালায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে কিনা, তা যাচাই করা হচ্ছে।
গত নভেম্বরে ডা. রাফাতকে গ্রেফতারের পর সিটিসিটির কর্মকর্তারা সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সঙ্গে জামায়াতের কোনো সংশ্লিষ্টতা আছে কিনা, তা তদন্ত করে দেখা হবে। শফিকুর রহমানের ছেলে ডা. রাফাত নতুন এই জঙ্গি সংগঠনের সিলেট আঞ্চলের সমন্বয়ক বলেও জানিয়েছিল সিটিটিসি।
গত ১১ নভেম্বর ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিটিটিসির প্রধান মো. আসাদুজ্জামান জানিয়েছিলেন, ‘আমরা রাফাতকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করব এবং জানার চেষ্টা করব নতুন এই জঙ্গি সংগঠনের তার বাবার কোনো সংশ্লিষ্টতা আছে কিনা।’
সিটিটিসির এক কর্মকর্তা জানিয়েছেন, ওই মামলাটি তদন্ত করতে গিয়ে জামায়াতের আমিরের সম্পৃক্ততা পাওয়া যায়। এরপরই তাকে গ্রেফতার করা হয়।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













