জঙ্গল থেকে নারীর মুখ বাঁধা মরদেহ উদ্ধার
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-১২-২১ ১৩:৪৬:৫৬
সাভারের আশুলিয়ায় একটি পরিত্যক্ত বাড়ির পাশের জঙ্গল থেকে এক নারীর মুখ বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে গণবিশ্ববিদ্যালয়ের পেছনে ফুলেরটেক এলাকায় মো. আশিক নামে এক ব্যক্তির মালিকানাধীন পরিত্যক্ত বাড়ির পাশের জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বুধবার (২১ ডিসেম্বর) আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সবুর খান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত নারীর নাম পারভিন (৪০)। তিনি লক্ষ্মীপুরের বাসিন্দা।
স্থানীয়দের বরাত দিয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সবুর খান জানান, বুধবার রাতে জঙ্গল থেকে উৎকট গন্ধ বের হলে স্থানীয়রা মরদেহটি দেখে পুলিশে সংবাদ দেয়। অর্ধনগ্ন অবস্থায় থাকা নারীর মুখ ওড়না দিয়ে বাঁধা ছিল। তার মুখ ও পায়ে আঘাতের চিহ্নও ছিল। মরদেহটি দু-তিন দিন জঙ্গলে পড়ে থাকায় পচন ধরেছে। এ কারণে শুরুতে পরিচয় শনাক্ত করা যায়নি। পরে পিবিআই টিম এসে প্রযুক্তির মাধ্যমে মরদেহটির পরিচয় শনাক্ত করে।
তিনি আরও জানান, বুধবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













