মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি থেকে বহিষ্কৃত আব্দুস সাত্তার

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০১-০৫ ০৯:২৭:২২


ব্রাহ্মণবাড়িয়া-২ (আশুগঞ্জ-সরাইল) আসনের উপনির্বাচনে লড়তে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) জেলা নির্বাচন কর্মকর্তা জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (৪ জানুয়ারি) বিকেলে আব্দুস সাত্তার ভূঁইয়ার ছেলে মাইনুল হাসান তুষার জেলা নির্বাচন অফিসে তার পক্ষে মনোনয়নপত্র জমা দেন।

দলীয় ও স্থানীয় একাধিক সূত্র জানায়, ১৯৭৮ সালে জিয়াউর রহমানের প্রতিষ্ঠা করা জাগো দলের মাধ্যমে বিএনপির সঙ্গে পথচলা শুরু ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের পাঁচ বারের এমপি উকিল আব্দুস সাত্তার ভূঁইয়ার। সর্বশেষ দলীয় হাইকমান্ডের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে জাতীয় সংসদ থেকে গত ১১ ডিসেম্বর পদত্যাগ করেছিলেন বর্ষীয়ান এ রাজনীতিবিদ। গত বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টাসহ সব পদ থেকে পদত্যাগ করেন আবদুস সাত্তার ভূঁইয়া।

এদিকে রোববার (১ ডিসেম্বর) রাতে বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে আব্দুস সাত্তার ভূঁইয়াকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়। তবে একই দিন বিকেলে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিতে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। সাদ মোহাম্মদ রশিদ নামে এক ব্যক্তি জেলা নির্বাচন অফিস থেকে আব্দুস সাত্তারের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

উল্লেখ্য, সর্বশেষ ২০১৮ সালের নির্বাচনে আবদুস সাত্তার ভূঁইয়া ধানের শীষ প্রতীকে বিজয়ী হন। কিন্তু দলীয় সিদ্ধান্তে গত ১১ ডিসেম্বর সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন। তার ছেড়ে দেওয়া আসনে আগামী ১ ফেব্রুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

এম জি