কারাগারে প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টা মামলার আসামির মৃত্যু

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০১-০৬ ১৫:১৩:২২


গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আবুল হোসেন খোকন (৫৫) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টার দিকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মৃত আবুল হোসেন খোকন বরিশালের কোতোয়ালি থানার রাজধর গ্রামের আবদুল খালেকের ছেলে। তিনি হরকাতুল জিহাদ হুজির সদস্য ও কোটালীপাড়ায় প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টা মামলার আসামি ছিলেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২-এর সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মো. আমিরুল ইসলাম জানান, সকাল সাড়ে ৭টার দিকে হুজি সদস্য আবুল হোসেন খোকন হঠাৎ অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে কারাগারের ভেতরে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসকার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বিরুদ্ধে মুকসুদপুর ও কোতোয়ালি থানায় মামলা ছিল। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

এম জি