ভাতিজার হাতে চাচা খুন
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০১-২৭ ১১:৩৩:৫২
যশোরের অভয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাতিজার ছুরিকাঘাতে চাচা রাজু মোল্যা (৩৮) নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের বাবলতলা গ্রামে। শুক্রবার (২৭ জানুয়ারি) ভোরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার পর থেকে ভাতিজা রাকিব মোল্যা পলাতক। অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মণ্ডল বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
জানা গেছে, রাজু গতকাল বৃহস্পতিবার রাতে রাকিবের বাড়িতে গিয়ে ফ্রিজে আদা রাখতে যান। এ সময় রাকিব নিষেধ করলে তর্কে জড়িয়ে পড়েন দুজনে। একপর্যায়ে রাকিব পাশে থাকা ধারালো ছুরি দিয়ে রাজুকে পিঠে ও পেটে আঘাত করে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন রাজুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার অবস্থা আশঙ্কাজনক হলে দায়িত্বরত চিকিৎসক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। কিন্তু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই আজ ভোর ৩টার সময় তার মৃত্যু হয়।
ইউপি চেয়ারম্যান মফিজ উদ্দিন বলেন, এ ঘটনা জানার পর সব মেম্বারকে বলেছি বিষয়টি খোঁজ নিতে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













