জাতীয় গ্রীডে রামপালের বিদ্যুৎ সরবরাহ শুরু

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০২-১৬ ১৬:৩০:৪৮


কয়লা সংকটে টানা এক মাস বন্ধ থাকার পর ফের উৎপাদনে গেছে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র। উৎপাদন শুরুর পর পরই কেন্দ্রের প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে মৈত্রী সুপার থার্মাল পাওয়ার কর্তৃপক্ষ।

গেল বছরের ২৩ ডিসেম্বর ৬৬০ মেগা ওয়াট ক্ষমতা নিয়ে প্রথম ইউনিট চালু করার পর কয়লার অভাবে ১৪ জানুয়ারি উৎপাদন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা যায়, কয়লা সংকটের কারণে রামপাল বাংলাদেশ ভারত মৈত্রী তাপ বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার পর গত ৯ ফ্রেব্রুয়ারি ৩০ হাজার টন কয়লা নিয়ে একটি বিদেশি জাহাজ মোংলা বন্দরে এসে পৌঁছায়। এই ৩০ হাজার টন কয়লা দিয়েই মূলত বিদ্যুৎ উৎপাদনে গেল রামপাল বিদ্যুৎ কেন্দ্র। আগামী ১৮ ফেব্রুয়ারি ৫০ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে আরও একটি বিদেশি জাহাজ মোংলা আসার কথা রয়েছে।

বর্তমানে এই কেন্দ্রে কয়লা মজুদের সক্ষমতা রয়েছে তিন মাসের। নিয়ম অনুযায়ী এক মাসের কয়লা মজুদ রাখার বাধ্যবাধকতা থাকলেও ডলার সংকটে এত দিন কেন্দ্রটিতে কয়লার মজুদ ছিল না।

এম জি