মেঘনায় ১০০ মণ জাটকাসহ আটক ৫
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০২-১৬ ১৭:০৬:৪৩
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১০০ মণ জাটকাসহ পাঁচ মাঝিকে বোট আটক করেছে কোস্টগার্ড।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ভোরে মেঘনা নদীর ডালচর এলাকায় অভিযান চালিয়ে জাটকাগুলো জব্দ করা হয়।
কোস্টগার্ড বিসিজি হাতিয়ার স্টেশান কমান্ডার এম রফিকুল ইসলাম জানান, ভোলার মনপুরা থেকে মেঘনা নদীর ডালচর হয়ে একটি নৌকা জাটকা নিয়ে নোয়াখালী চেয়ারম্যান ঘাট এলাকায় যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্য পেয়ে হাতিয়া কোস্টগার্ডের একটি দল ডালচর এলাকায় অবস্থান নেয়। মাছবোঝাই নৌকাটি ডালচর এলাকায় পৌঁছালে ৫ মাঝি মাল্লাকে আটক করা হয়। পরে ওই নৌকায় তল্লাশি চালিয়ে ১০০ মণ জাটকা জব্দ করে পাঁচ মাঝি-মাল্লার কাছ থেকে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়।
সকালে জব্দ করা জাটকাগুলো মৎস্য কর্মকর্তা এবং জনপ্রতিনিধিদের উপস্থিতিতে গরিব-অসহায় ও এতিমখানায় বিতরণ করা হয়েছে। মৎস্য সম্পদ রক্ষায় আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













