দাঁড়িয়ে থাকা ট্রাকে অ্যাম্বুলেন্সের ধাক্কা, নিহত ১
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০২-১৭ ১০:৫৭:০৫
বাগেরহাটে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় নিহত হয়েছেন হারেজ মিয়া (৩৫) নামে এক অ্যাম্বুলেন্স চালক। এ সময় শিশুসহ আরও তিনজন আহত হয়েছেন।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকালে জেলার মোংলা শিল্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হারেজ যশোর সদরের ভেকুটিয়া এলাকার খন্দকার আমির হোসেনের ছেলে। খুলনার বৈকালীতে বসবাস করতেন তিনি।
মোংলা ইপিজেড ফায়ার সার্ভিস ইউনিটের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. আরবেজ আলী জানান, মোংলাগামী অ্যাম্বুলেন্সটি শুক্রবার সকাল ৭টার দিকে মোংলা বন্দর শিল্প এলাকার ফাইভ রিংস সিমেন্ট ফ্যাক্টরির সামনে সাইড করে রাখা গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সের সামনের অংশ দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই মারা যান চালক। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
মোংলা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাদিউজ্জামান জানান, মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













