শেখ আজিজ হত্যা: ৬ আসামির যাবজ্জীবন
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০২-২৮ ১৬:৪৯:২২
খুলনা নগরীর খালিশপুর থানা এলাকার শেখ আজিজুল ইসলাম হত্যা মামলায় ৬ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মাহমুদা খাতুন এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার পর আসামিদের আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন- শেখ মশিউর ওরফে মশি, মো. আসলাম হোসেন লিটন, মো. সুইট, আশরাফুল ওরফে গাজা আশ্রাব, মো. সহিদ ও মো. মিন্টু।
আইনজীবীরা জানান, ২০০৯ সালের ২৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৮ টার দিকে আজিজুল ইসলামকে খালিশপুর নয়াবাটি তৈয়েবের মোড় এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে আসামিরা কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরদিন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই শেখ জালাল উদ্দিন রাজু বাদী হয়ে খালিশপুর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা এস আই আবদুর রহমান ২০১০ সালের ২৮ ফেব্রুয়ারি ৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













