জামায়াত-শিবিরের ৩০ নেতাকর্মী আটক

জেলা প্রতিনিধি আপডেট: ২০২৩-০৩-০৫ ১১:১৫:২৯


চট্টগ্রামের জামালখান এলাকার একটি রেস্টুরেন্ট থেকে জামায়াত-শিবিরের ৩০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার (৪ মার্চ) রাত সাড়ে ১০টার সময় কাচ্চি ডাইন নামে একটি রেস্টুরেন্ট থেকে তাদের আটক করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

রাত ১২টার দিকে বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির।

তিনি বলেন, নাশকতার পরিকল্পনা করতে জামালখানের একটি রেস্টুরেন্টে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা বৈঠক করছিল। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ৩০ জনকে আটক করেছে। অভিনব কৌশলের অংশ হিসেবে এদিন তারা ‘টি-টোয়েন্টি প্লাস’ নামে একটি অরাজনৈতিক সংগঠনের ব্যানারে সেখানে বৈঠক করছিলেন।

ওসি জাহিদুল কবির আরও বলেন, আটককৃতদের বিষয়ে যাচাই-বাছাই করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এম জি