রোহিঙ্গা ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে, পুড়ে ছাই ৪ শতাধিক ঘর
জেলা প্রতিনিধি আপডেট: ২০২৩-০৩-০৫ ১৯:৪৫:৩৭
কক্সবাজারের উখিয়ায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে এসেছে। রোববার সন্ধ্যা ৬টা ১৭ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
৮ আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন ।
আগুনে ৩টি রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে চার শতাধিক ঘর পুড়ে ছাই হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও উখিয়া থানা পুলিশ আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে। তবে এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
রোববার (৫ মার্চ) বিকেল ৩টার দিকে উখিয়ার পালংখালী ময়নার ঘোনায় ৯, ১০ ও ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, অগ্নিকাণ্ডে ৩টি ক্যাম্পের প্রায় সব ঘর পুড়ে গেছে। এ সংখ্যা চার শতাধিক।
পুলিশ ও ফায়ার সার্ভিসের তথ্যমতে, রোহিঙ্গা ক্যাম্পে এর আগে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ২০২১ সালের ২২ মার্চ উখিয়ার বালুখালী এলাকার তিনটি (ক্যাম্প-৮, ৯ ও ১১) আশ্রয় শিবিরে। ভয়াবহ ওই অগ্নিকাণ্ডে ১০ হাজারের বেশি রোহিঙ্গা বসতি পুড়ে ছাই হয়েছিল। গৃহহীন হয়েছিল ৪৫ হাজার রোহিঙ্গা। অগ্নিকাণ্ডে পুড়ে মারা যায় ৬ শিশুসহ ১৫ জন রোহিঙ্গা। ওই আগুনের সূত্রপাত কোথা থেকে, এখনো তা জানা যায়নি।
বর্তমানে উখিয়া ও টেকনাফের ৩৩টি আশ্রয়শিবিরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা সাড়ে ১২ লাখ। এর মধ্যে ২০১৭ সালের ২৫ আগস্টের পর মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা রোহিঙ্গার সংখ্যা ৮ লাখ। আগে থেকে ছিল ৪ লাখ রোহিঙ্গা।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













